logo

কুয়েতে রাস্তায় আবর্জনা ফেলায় বাংলাদেশি গ্রেপ্তার, ফেরতের প্রক্রিয়া শুরু

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
কুয়েতে রাস্তায় আবর্জনা ফেলায় বাংলাদেশি গ্রেপ্তার, ফেরতের প্রক্রিয়া শুরু
কুয়েতে আবর্জনা ফেলার অভিযোগে বাংলাদেশি প্রবাসী আটক। ছবি: এশিয়া পোস্ট

কুয়েতের জাবরিয়া এলাকায় আবর্জনা ফেলার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তাঁকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত পিকআপ ট্রাকটি জব্দ করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আবর্জনা ফেলার অভিযোগ পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ওই প্রবাসীকে আটক করেন। তল্লাশিতে দেখা যায়, তিনি যে লাইসেন্স নিয়ে পিকআপটি চালাচ্ছিলেন, তা দিয়ে এ ধরনের যানবাহন চালানোর অনুমতি নেই।

মন্ত্রণালয় জানায়, আবর্জনা ফেলা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া গাড়ি চালানোর দায়ে তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং তাঁকে জরিমানাও করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই প্রবাসীকে হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে পিকআপ ট্রাকটি জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অমান্যকারী চালকদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কুয়েতে অনুমোদিত স্থানের বাইরে বর্জ্য ফেলাকে গুরুতর পরিবেশগত অপরাধ হিসেবে দেখা হয়। ২০২২ সাল থেকে এ ধরনের অপরাধে জড়িত প্রবাসীদের বহিষ্কারের নীতি চালু আছে। প্রবাসীদের জন্য এ ঘটনা একটি সতর্কবার্তা।

কুয়েতে বসবাস ও কাজ করতে হলে স্থানীয় আইন মেনে চলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং যে ধরনের যানবাহন চালানো হবে, তার উপযুক্ত লাইসেন্স থাকা জরুরি। নইলে জরিমানা, গাড়ি জব্দ কিংবা বহিষ্কারের মতো কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে।