আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা-পাসপোর্ট সংকট দূর করার আশ্বাস

মোহাম্মদ ইরফানুল ইসলাম , দুবাই
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা-পাসপোর্ট সংকট দূর করার আশ্বাস
আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নেতারা। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) সংকটের কারণে সৃষ্ট চরম দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’।

সাধারণ প্রবাসীদের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ ও তাদের কর্মসংস্থান সুরক্ষার দাবিতে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘ মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিক নেতরা।

সভায় আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লাখো বাংলাদেশির বর্তমান করুণ দশা, কর্মক্ষেত্রে নানা অনিশ্চয়তা এবং পাসপোর্ট নবায়ন করতে না পেরে বৈধতা হারানোর মতো সংবেদনশীল বিষয়গুলো তথ্য-উপাত্তসহ রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশির বৈধভাবে বসবাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর ফলে তারা প্রতিদিন বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন। পাসপোর্ট সংকটের কারণে বহু প্রবাসী চাকরি হারাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন না এবং অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না উল্লেখ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রবাসীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারকে অবিলম্বে সর্বোচ্চ স্তরের জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করার আহ্বান জানান তারা।

প্রবাসীদের এই গভীর সংকট ও কষ্টের কথা অত্যন্ত মনোযোগ এবং সহানুভূতির সঙ্গে শোনেন রাষ্ট্রদূত তারেক আহমদ। প্রবাসীদের উদ্বেগের সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও তাদের দীর্ঘদিনের সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করাকে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।’

তিনি আরও স্পষ্ট করেন যে, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের নেপথ্যের কারণগুলো ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং সংকট উত্তরণে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ শুরু হয়ে গেছে। আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও ইতিবাচক আলোচনা চলছে এবং খুব দ্রুতই প্রবাসীরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর পক্ষে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। প্রবাসীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে আরও অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য এস এম করিম, শামসুল হক ও কাজী নাজিম উল্লাহ।