Advertisement

ওমানের ভিসানীতিতে নতুন নিয়ম, মিলবে খরচ ছাড়াই

এশিয়া পোস্ট নিউজ, ওমান
ওমানের ভিসানীতিতে নতুন নিয়ম, মিলবে খরচ ছাড়াই
ছবি: সংগৃহীত

নতুন প্রবেশ নীতির আওতায় নির্বাচিত কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করেছে ওমান। স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরাবিয়ান ডেইলি।

প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের বাসস্থান আইনের নির্বাহী প্রবিধানে সংশোধনের মাধ্যমে নতুন এই ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের সিদ্ধান্ত নং ১০৯/২০২৬-এর আওতায় আনা পরিবর্তনগুলো পুলিশ ও শুল্ক মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি জারি করেছেন।

অফিশিয়াল গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী যোগ্য দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেওয়া হবে। তবে কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা এখনও প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রয়োজনীয় শর্ত ও নির্ধারিত ফি পরিশোধ করে অন্য যে কোনো পর্যটন ভিসা বিভাগে পরিবর্তনের সুযোগ পাবেন।

নতুন নিয়মে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় একটি নতুন ভিসা বিভাগ যুক্ত করা হয়েছে এবং ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ভিসার জন্য নির্ধারিত ফি রাখা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নীতির মাধ্যমে কোনো খরচ ছাড়াই মিলবে ওমানের ভিসা।

পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি দেশটির পর্যটন সম্প্রসারণ পরিকল্পনার অংশ।