logo

মিনেসোটায় কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

মিনেসোটায় কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রায় ৩০টি দেশের শিক্ষার্থীদের সামনে এটি উপস্থাপন করেন তারা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও দূষণে সৈকতের পরিবেশ যে হুমকির মুখে পড়েছে, সেটিও তুলে ধরেন। তাগিদ দেন কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার।

গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হোমকামিং অনুষ্ঠান হয়। সেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের মূল বিষয় হিসেবে কক্সবাজারকে বেছে নেন। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরেন তারা।

শিক্ষার্থীরা ব্যাখ্যা করেন, কীভাবে সৈকতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণ হিসেবে তারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ভাঙন, প্লাস্টিকসহ নানা বর্জ্যের দূষণ ও অপরিকল্পিত স্থাপনার কথা উল্লেখ করেন।

11

অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, জাপান, শ্রীলঙ্কা, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা ও ঘানাসহ ৩০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।

মিনেসোটার ম্যানকাটোতে বাংলাদেশি বংশোদ্ভূত শতাধিক মানুষের বসবাস। প্রতিবছর তারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন।

শিক্ষার্থীরা বলছেন, এমন আয়োজন শুধু নিজের দেশকে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চ নয়। বৈশ্বিক সমস্যা নিয়ে বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সংলাপ তৈরিরও সুযোগ এটি। এর মধ্য দিয়ে তারা নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দেশের প্রয়োজনের কথাও বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।