logo
Advertisement

ফ্রান্সে একই নামে দুই সংগঠন, বিভ্রান্তি-বিরোধে প্রবাসীরা

সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
ফ্রান্সে একই নামে দুই সংগঠন, বিভ্রান্তি-বিরোধে প্রবাসীরা
ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ নামে দুটি সংগঠন আত্মপ্রকাশ করায় প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। কোনটি প্রকৃত ‘ঢাকা ক্লাব ফ্রান্স’, কার বৈধতা রয়েছে এবং একই নামে দুটি সংগঠন কীভাবে গড়ে উঠল, তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

Advertisement

এক পক্ষের দাবি, ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ নামে তাদের সংগঠন আগে থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রান্সের আইন অনুযায়ী সংগঠনটির নিবন্ধন রয়েছে। অন্য পক্ষের দাবি, ঢাকার বাসিন্দাদের নিয়ে তাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে এলেও এতদিন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়নি। সম্প্রতি নতুন করে সাংগঠনিক কাঠামো গঠন করে তারা কার্যক্রম শুরু করেছে।

এদিকে গত ২৬ জুলাই ফ্রান্সে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যেটা ২০২৫ সালে প্রতিষ্ঠা করা হয়। ওই কমিটিতে রানা রহমানকে সভাপতি এবং কামাল সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। এর এক মাসেরও কম সময়ের মধ্যে একই নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে হাফিজুর রহমান সভাপতি এবং আলী আক্কাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মির্জা সুমনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটিও ঘোষণা করা হয়।

‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর আগের কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের সংগঠনের নামে ফ্রান্সে নিবন্ধন রয়েছে এবং তারা দেশটির আইন মেনেই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, ‘ঢাকা ক্লাব ফ্রান্স নামে আমাদের রেজিস্ট্রেশন রয়েছে। আমরা ফ্রান্সের আইন মেনেই সংগঠন পরিচালনা করছি। কেউ যদি একই নামে সংগঠন করতে চান এবং ফ্রান্সের আইন অনুযায়ী করতে পারেন, তাহলে করবেন। এতে আমাদের কোনো সমস্যা নেই।’

তার মতে, ‘ঢাকা’ বাংলাদেশের সবার পরিচয়ের অংশ। তাই ঢাকার নাম ব্যবহার করে অন্য কেউ সংগঠন করলে তাতে আপত্তির কারণ নেই। তাদের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা।

অন্যদিকে নবগঠিত ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর নেতাদের দাবি, তাদের সংগঠনটি শুধু ঢাকা বিভাগের বাসিন্দাদের নিয়ে গঠিত। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বলেন, ঢাকা নামে সংগঠন করতে হলে ঢাকা বিভাগের মানুষদের নিয়েই সংগঠন করা উচিত। তিনি দাবি করেন, ‘আমাদের সংগঠন অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। তবে তখন রেজিস্ট্রেশন করা হয়নি। এখন আমরা সাংগঠনিকভাবে নতুন করে কার্যক্রম শুরু করেছি।’

তার বক্তব্য অনুযায়ী, সংগঠনটির উদ্দেশ্য ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের মানুষের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো।

এদিকে গত সোমবার (১৭ আগস্ট) প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে দুই অধিবেশনে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রথম অধিবেশনে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। আগের কমিটির সদস্যরা কাউন্সিলর হিসেবে সভায় অংশ নেন। কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজম খান, ফিরোজ লস্কর, এস এম মাসুদ রানা, মনির মোল্লা ও আসাদুজ্জামান সুমন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী আক্কাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শেখ মোহাম্মদ শাজাহান শারু এবং সাধারণ সম্পাদক সরকার মিজানুর রহমান।

নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রিপন মজুমদারকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, মাসুদ পাঠান, অসিত ঘোষ, মাহবুব খান ও সায়েম মো. হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম সুইট, বিজয় বাইন, ডি. জে. রাফি, বাবু, ইকবাল হোসেন শাহিন, হৃদয় রহমান, শিশির রুবেল, প্রিন্স ও আল আমিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম হোসেন, অপু ঢালী, আমিনুল হক মাটি, মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, রফিকুল বেপারী, তৌহিদুর রহমান ও মানা হোসেন।

এ ছাড়া প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, উপ-প্রচার সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সালাম তালুকদার এবং মহিলা সম্পাদিকা হিসেবে শারমিন সুলতানার নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতারা বলেন, ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’।

সমাপনী বক্তব্যে সভাপতি হাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একই নামে দুটি সংগঠনের আত্মপ্রকাশের ঘটনায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ‘ঢাকা ক্লাব ফ্রান্স’ আসলে কোনটি? এক পক্ষ যেখানে ফ্রান্সের আইনে নিবন্ধনের কথা বলছে, অন্য পক্ষ সেখানে দীর্ঘদিনের সাংগঠনিক অস্তিত্বের দাবি করছে।

তবে দুটি সংগঠনের পক্ষ থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার কথা বলা হয়েছে। ফলে একই নামের দুই সংগঠনকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান এবং ভবিষ্যতে সংগঠন দুটির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেটিই এখন দেখার বিষয়।