logo

ভেনিসে তীব্র শীতে খোলা পার্কে জুমার নামাজ, প্রশ্নের মুখে ধর্মীয় স্বাধীনতা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ভেনিসে তীব্র শীতে খোলা পার্কে জুমার নামাজ, প্রশ্নের মুখে ধর্মীয় স্বাধীনতা
ইতালিতে মসজিদ বন্ধ করে দেয়ায় খোলা আকাশের নিচে নামাজ আদায়, ইউরোপে কথিত ধর্মীয় স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইতালির ভেনিসে ‘মসজিদুল ইত্তেহাদ’ নামের একটি মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বিকল্প জায়গা না থাকায় প্রায় দুই বছর ধরে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা।

হাড়কাঁপানো তীব্র শীত উপেক্ষা করে প্রতি শুক্রবার খোলা মাঠে সমবেত হচ্ছেন সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ, যা ইউরোপের মানবিক মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতিকে গভীর প্রশ্নের মুখে ফেলেছে।

বর্তমানে ইতালিজুড়ে জেঁকে বসেছে শীত। বাসাবাড়ির ভেতরে যেখানে হিটার ছাড়া স্বাভাবিকভাবে অবস্থান করা অসম্ভব, সেখানে পার্কের খোলা মাঠে মাটির ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। কনকনে বাতাস আর বৈরী আবহাওয়ার মধ্যেও প্রতি সপ্তাহে হাজারেরও বেশি মানুষের এই মানবেতর উপস্থিতি লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর সমাধান।

জানা গেছে, প্রায় দুই বছর আগে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে ‘মসজিদুল ইত্তেহাদ’ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ইবাদতের জন্য স্থায়ী কোনো বিকল্প ব্যবস্থা না পেয়ে নিরুপায় হয়ে পার্কের খোলা মাঠেই নামাজ আদায় শুরু করেন স্থানীয় মুসলিমরা। গ্রীষ্মের দাবদাহ থেকে শুরু করে বর্তমানের তীব্র শৈত্যপ্রবাহ—সব ঋতুতেই এই খোলা জায়গায় নামাজ অব্যাহত রয়েছে।

এমন বাস্তবতায় ইউরোপে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চর্চা নিয়ে তীব্র সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন, একটি গণতান্ত্রিক ও সভ্য দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও আত্মমর্যাদা নিশ্চিত থাকা যেখানে মৌলিক অধিকার, সেখানে ভেনিসের সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন অনুপস্থিত কেন?

দীর্ঘ দুই বছর ধরে এই সংকট চলতে থাকলেও বিষয়টি নিরসনে স্থানীয় মেয়র, নগর প্রশাসন, রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন কিংবা প্রভাবশালী গির্জা কর্তৃপক্ষের কোনো ফলপ্রসূ উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি।

ভুক্তভোগী মুসল্লি ও মানবাধিকার কর্মীদের দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে বছরের পর বছর এমন প্রতিকূল ও মানবেতর পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। ভেনিসের মুসলিমদের ধর্মীয় অধিকার ও নাগরিক মর্যাদা ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউরোপীয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি স্থায়ী ও সম্মানজনক সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।