আবুধাবিতে এসি মেরামত করতে গিয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিজ বাসার শীতাতপ যন্ত্র মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক প্রবাসী। মামুনুর রশীদ (৩৬) নামের ওই প্রবাসী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছোট ছেলে।
মঙ্গলবার রাতে স্থানীয় সময়ে আবুধাবির বানিয়াস টাউনশিপের আল শোয়ামাখ এলাকায় ঘটনাটি ঘটে। পনেরো বছরেরও বেশি সময় ধরে প্রবাসে থাকা মামুন সেখানে নির্মাণ ও আবাসন খাতে ব্যবসা করতেন।
মামুনের প্রবাসী বড় ভাই জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় বাসার এসিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মামুন নিজেই সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘরে আর কেউ ছিলেন না বলে জানা গেছে।
কাজ সেরে প্রায় তিন ঘণ্টা পর বাসায় ফিরে মামুনের ভাই তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন অংশ ততক্ষণে ঝলসে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাফরাক বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেশে রেখে যাওয়া স্ত্রী ও তিন সন্তান সাত বছরের ছেলে এবং বারো ও তিন বছর বয়সী দুই মেয়ে নিয়ে পরিবারে এখন শোকের ছায়া। মরদেহ বর্তমানে বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে, আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


