logo

সিনেট নির্বাচন ঘিরে মিশিগানে বাড়ছে প্রার্থীদের তৎপরতা

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান, যুক্তরাষ্ট্র
সিনেট নির্বাচন ঘিরে মিশিগানে বাড়ছে প্রার্থীদের তৎপরতা
ইউএস সিনেট পদপ্রার্থী আবদুল এল সাইয়েদ। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগানে আসন্ন সিনেট নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার, (২৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ওয়ারেন শহরের ইসলামিক সেন্টার অব নাইন মাইলের ব্যাংকুয়েট হলে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে এক নির্বাচনি র‍্যালিতে অংশ নেবেন ইউএস সিনেট পদপ্রার্থী আবদুল এল সাইয়েদ।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে মতবিনিময় এবং আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদার করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালিতে কমিউনিটির সদস্যদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে আহবান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা।

এদিকে, আগামী ২৫ অক্টোবর রোববার হ্যামট্রামিকের গেট অব কলম্বাসে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস (বিএডিসি)-র উদ্যোগে আরেকটি নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মিশিগানের গভর্নর পদপ্রার্থী জোসলেন বেনসন, ইউএস সিনেট পদপ্রার্থী আবদুল এল সাইয়েদ এবং স্টেট অ্যাটর্নি জেনারেল পদপ্রার্থী এলি সেভেটসহ ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

সমাবেশ সফল করতে গত রোববার হ্যামট্রামিকের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান ড. নাজ হাসান।

এ সময় বক্তব্য দেন বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ এবং সেক্রেটারি মাশকুর কাউসার। উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য নেতা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে নেতারা বাংলাদেশি-আমেরিকানদের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং নিজেদের অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২৩ অক্টোবর ওয়ারেনের নির্বাচনি র‍্যালি এবং ২৫ অক্টোবর হ্যামট্রামিকের সমাবেশে অংশ নিতে কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তারা।