Advertisement

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটবল মহারণ, শিরোপা জিতল ‘ব্লু লক’

আফছার হোসাইন, মিশর
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটবল মহারণ, শিরোপা জিতল ‘ব্লু লক’
ট্রফি হাতে ‘ব্লু লক’। ছবি: এশিয়া পোস্ট

সারা বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে, ঠিক সেই সময় ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দেশ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন ‘ইত্তেহাদ’ আয়োজন করল এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের। প্রবাসের মাটিতে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (১৫ জুলাই) মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক এলাকা ‘মদিনাতুল বুহুস’ স্টেডিয়ামে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর গৌতম কুমার দে।

ফারাওদের ঐতিহাসিক ভূমিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই ফুটবল মহারণ ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। গ্যালারিতে দর্শকদের মুহুর্মুহু করতালি, উচ্ছ্বাস, স্লোগান আর প্রিয় দলের সমর্থনে মুখরিত পরিবেশ যেন ক্ষণিকের জন্য প্রবাসের মাটিকে রূপ দিয়েছিল এক টুকরো বাংলাদেশে।

গত ৮ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ‘লায়ন্স অব আজহার’ এবং ‘ব্লু লক’। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠ জমিয়ে তোলে। চমৎকার পাসিং, নিখুঁত কৌশল, একের পর এক গোলের সুযোগ সৃষ্টি এবং দুই দলের গোলরক্ষকের অসাধারণ সেভের কারণে পুরো ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

নির্ধারিত সময় শেষে দুই দলই ২-২ গোলে সমতায় থাকায় শিরোপা নির্ধারণের দায়িত্ব গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের নির্ধারিত তিনটি শটের মধ্যে ‘ব্লু লক’ সফলভাবে দুটি এবং ‘লায়ন্স অব আজহার’ একটি শট গোলপোস্টে পাঠাতে সক্ষম হয়। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা জিতে নেয় ‘ব্লু লক’। বিজয় নিশ্চিত হতেই মাঠজুড়ে শুরু হয় খেলোয়াড় ও সমর্থকদের বাঁধভাঙা উল্লাস।

খেলা শেষে প্রধান অতিথি কাউন্সিলর গৌতম কুমার দে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শেষে এই ধরনের ক্রীড়া আয়োজন তাদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের অন্যতম হাতিয়ার।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার কার্যকর মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’

টুর্নামেন্ট শেষে আয়োজক সংগঠন ‘ইত্তেহাদ’-এর পক্ষ থেকে শিরোপাজয়ী ‘ব্লু লক’ দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পুরো আসরে দুর্দান্ত লড়াই, অসাধারণ নৈপুণ্য, অদম্য মানসিকতা এবং খেলোয়াড়সুলভ আচরণের জন্য রানার্স-আপ দল ‘লায়ন্স অব আজহার’কেও শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করা আয়োজক কমিটি, সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত প্রবাসী দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি।