রাশিয়ায় যুদ্ধে পাঠানো এক বাংলাদেশি উদ্ধার, দেশে ফিরবেন কাল

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা অন্তত ৩০ জন বাংলাদেশির মধ্যে মো. রাজন হোসেনকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়।
মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।



