মেয়েকে ড্রাইভিং শেখাতে গিয়ে নিহত আব্দুর রহিমের জানাজায় মানুষের ঢল

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি আব্দুর রহিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইসলামিক সেন্টার অব ওয়ারেন মসজিদ আল ফাতহে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এতে পরিবারের সদস্য, স্বজন ও বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন শায়খ হাফেজ আব্দুল বাসিত চৌধুরী। বুধবার লিভোনিয়া সিটির পার্কভিউ মুসলিম সমাধিতে আব্দুর রহিমকে দাফন করা হয়।
৬৫ বছর বয়সী আব্দুর রহিম গত রোববার বিকেলে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় মেয়েকে প্যারালাল পার্কিং শেখানোর সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি আব্দুর রহিমকে ধাক্কা দেওয়ার পর কিছুটা দূর পর্যন্ত তাকে টেনে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আব্দুর রহিমের মেয়ে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঙ্গে মাদক বা অ্যালকোহলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে ওয়ারেন পুলিশের ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট।
নিহত আব্দুর রহিমের আদিনিবাস মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পয়লা গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। বর্তমানে পরিবারের সঙ্গে মিশিগানের ওয়ারেন শহরে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহিম নিজের দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা রেখে গেলেও তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অসহায় অবস্থায় পড়েছে।
এ অবস্থায় শোকাহত ও দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে কমিউনিটির হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহবান জানানো হয়েছে।
জানাজায় উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
