আল-আযহার থেকে প্রথম বাংলাদেশি নারীর এমফিল ডিগ্রি অর্জন

মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে এমফিল ডিগ্রি অর্জন করেছেন মুনিরা তাহের। একই সঙ্গে তিনি তাঁর গবেষণাকর্মের জন্য সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ (Excellent) গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স ফর ফরেইনার স্টুডেন্টস-এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তাঁর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট সুপারভাইজাররা তাঁকে সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।
মুনিরা তাহের আবু তাহেরের গবেষণার বিষয় তাফসির ও উলুমুল কুরআন। তাঁর গবেষণাপত্রের আরবি শিরোনাম— “مِنْ حُرُوفِ الْمَعَانِي «عَسَى – عِنْدَ – كَأَنَّ» وَأَثَرُهَا فِي التَّفْسِيرِ فِي النِّصْفِ الثَّانِي مِنَ الْقُرْآنِ الْكَرِيمِ: جَمْعًا وَدِرَاسَةً”। বাংলায় এর অর্থ— ‘হুরূফুল মাআনি (عسى, عند, كأنّ) এবং পবিত্র কুরআনের দ্বিতীয়ার্ধের তাফসিরে এর প্রভাব—সংকলন ও পর্যালোচনা।’
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক শিক্ষানুরাগী পরিবারে জন্ম নেওয়া মুনিরা তাহের আবু তাহেরের বাবা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসা ও ফাতিমা (রা.) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা।
মুনিরার শিক্ষাজীবনের সূচনা হয় দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্ন করার মধ্য দিয়ে। পরে দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের লক্ষ্যে ২০১০ সালে মিশরে এসে মাআহাদ দিরাসা আল-খাসসাহর মাধ্যমে আল-আযহারে তাঁর একাডেমিক পথচলা শুরু হয়।
দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাআত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) সম্পন্ন করেন। ২০২৩ সালে এমফিল গবেষণার জন্য থিসিস নিবন্ধন করেন। দীর্ঘ গবেষণা ও অধ্যবসায়ের পর ২০২৬ সালে তাঁর গবেষণাকর্ম সম্পন্ন হয়। আল-আযহারে অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি মুনিরা তাহের আবু তাহের বর্তমানে মিশরের জামিয়া সুফারা আল-হিদায়া-তে কুরআন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল-আযহারের মতো বিশ্বখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশি নারী গবেষকের সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রি অর্জনকে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষক সমাজের জন্য গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে আশা সহপাঠিরা।
এদিকে মুনিরা তাহেরের এই কৃতিত্বে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর। তাঁর পক্ষ থেকে তাঁর ছেলে মুহাম্মাদ হুজাইফা সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ও সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন এবং পরে তা তাঁর মায়ের হাতে তুলে দেন।
সংগঠনটির পক্ষ থেকে মুনিরা তাহের আবু তাহেরের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ইলম, গবেষণা ও কর্মজীবনে আরও বরকত এবং জ্ঞান ও গবেষণার মাধ্যমে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।