logo

মালয়েশিয়ায় হাইকমিশনে ট্রাভেল পাস নিতে গিয়ে প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় হাইকমিশনে ট্রাভেল পাস নিতে গিয়ে প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা নিতে এসে অরুণ (৪৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যৃ হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দেশে ফেরার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে হাইকমিশনে এসে ট্রাভেল পাসের অপেক্ষায় ছিলেন তিনি। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। অরুণ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের সোলেমান হায়দারের পুত্র।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, অরুণ উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন এবং সম্প্রতি তার একটি মাইল্ড স্ট্রোকও হয়েছিল। 

হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে অরুণের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন কর্তৃপক্ষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে প্রেরণের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

এদিকে নিহতের স্বজন এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশি অভিযোগ করেন, হাইকমিশনের অবহেলায় অরুণের মৃত্যু হয়েছে। তারা বলছেন, অরুণ অসুস্থ হওয়ার ১ ঘণ্টারও বেশি সময় পর অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। সাধারণত মালয়েশিয়ায় অ্যাম্বুলেন্স ডাকলে ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসে।

তবে এ বিষয়ে জানতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।