লিথুয়ানিয়া সীমান্তে লরি থেকে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

অনিয়মিত পথে লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে লরিতে করে পোল্যান্ডে প্রবেশ করার চেষ্টার সময় ৫৪ অভিবাসীকে আটক করেছে পোল্যান্ডের কর্তৃপক্ষ। আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ৯ জন, আফগানিস্তানের ১৫ জন এবং পাকিস্তানের ৩০ জন।
এ বিষয়ে প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য তাদের লিথুয়ানিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
পোলিশ কর্তৃপক্ষ জানায়, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের এই দলটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিল৷ লরির ভেতরে লুকিয়ে থাকা অবস্থা থেকে তাদের আটক করা হয়।
সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। দেশটির সীমিন্ত কর্তৃপক্ষ জানায়, ‘পোল্যান্ডের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সতর্ক এবং কার্যকর থাকি।’

পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মকর্তারা রোমানিয়ার রেজিস্ট্রেশন প্লেটযুক্ত ৩৭ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিকের চালানো একটি লরি পরিদর্শন করার পর অভিবাসীদের সন্ধান পান। এসব অভিবাসীকে লাটভিয়া থেকে লিথুয়ানিয়ার মধ্য দিয়ে পোল্যান্ডে নিয়ে আসা হয়েছিল বলে জানান তারা।
উল্লেখ্য, ইইউর পূর্বাঞ্চলীয় সীমান্তে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে গত বছরের গ্রীষ্মে দেশটির সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোলিশ সরকার৷
সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ চালিয়ে যাচ্ছে বেলারুশ, এমন অভিযোগ ইইউ এবং পোল্যান্ডের। যদিও অভিযোগ অস্বীকার করছে বেলারুশ।




