logo

হাসনাতের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেনি: এনসিপি ইউকে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাজ্য
হাসনাতের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেনি: এনসিপি ইউকে
যুক্তরাজ্য এনসিপির উপদেষ্টা ব্যারিস্টার নুরুল হুদা। ছবি: সংগৃহীত

লন্ডনে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর ইএলএম পার্ক এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। যুক্তরাজ্যের এনসিপির নেতারা এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (১৫ জুন) ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। ওই সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছে হাসনাত আব্দুল্লাহ ওই এলাকায় একটি তার্কিস রেস্টুরেন্ট থেকে দুপুরে খেয়ে বেরিয়ে আসার সময় তারা ডিম নিক্ষেপ করে। সে সময় যুক্তরাজ্য এনসিপির নেতা এহতেশামসহ অন্যান্য কর্মীদের সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমসহ অন্যান্য নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার বিকেলে ইএলএম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, আওয়ামী লীগ এখনও ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা শাহ শামীমকে চড় মারছে এনসিপির এক নেতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতে এলে তারা প্রতিহত করে।

কিন্তু যুক্তরাজ্য এনসিপির উপদেষ্টা ব্যারিস্টার নুরুল হুদার (জুনেদ) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তারা আমাদের নেতার গায়ে কিছু ছুড়ে মারতে পারেনি।