logo

রোমানিয়া পাঠানোর প্রলোভনে মিসরে নিয়ে জিম্মি, পাসপোর্ট জব্দ করে প্রাণনাশের হুমকি

আফছার হোসাইন
আফছার হোসাইনমিশর
রোমানিয়া পাঠানোর প্রলোভনে মিসরে নিয়ে জিম্মি, পাসপোর্ট জব্দ করে প্রাণনাশের হুমকি
ভুক্তভোগী সাইফুল ও নাইম। ছবি: এশিয়া পোস্ট

ইউরোপের দেশ রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাইফুল ও নাইম নামে দুই বাংলাদেশিকে মিসরে এনে চার মাস ধরে আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ইউরোপে যাওয়ার আশায় তারা ওই চক্রকে মোট ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু মিসরে আনার পর রোমানিয়ায় পাঠানোর কোনো ব্যবস্থা না করে উল্টো একটি ফ্ল্যাটে তাদের জিম্মি করে রাখা হয়। চার মাস পর দালাল চক্রটি তাদের ওই বাসায় রেখে অন্যত্র চলে যায়। এরপর পাসপোর্ট জব্দ থাকা এবং অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

Advertisement

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কায়রোর বাংলাদেশি অধ্যুষিত এল-মার্গ এলাকার ‘রহমান অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় স্থানীয় কয়েকজন প্রবাসী ওই দুই ভুক্তভোগীকে নিয়ে আসেন। কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম তাদের সমস্যার কথা জানতে চাইলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন।

চার মাস ফ্ল্যাটে আটকে রাখা হয়

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মামুন ও সাইফুল নামের দুই ব্যক্তি তাদের মিসরে নিয়ে আসেন। সেখানে পৌঁছানোর পর মেহেদি নামের অপর এক ব্যক্তির জিম্মায় তাদের রাখা হয়। তাদের অভিযোগ, মামুন, সাইফুল ও মেহেদি এই তিনজনের যোগসাজশে রোমানিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।

এক ভিডিও সাক্ষাৎকারে ভুক্তভোগীরা জানান, মিসরে আনার পর এল-মার্গ এলাকার একটি ফ্ল্যাটে তাদের চার মাস বন্দি করে রাখা হয়। সেখানে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম খাবার দেওয়া হতো এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। চার মাস পর ফ্ল্যাটে রেখেই সাইফুল ও মেহেদি অন্যত্র চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে তারা বলেন, ‘আমাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়া কোথাও কাজ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে এলাকার বিভিন্ন স্থানে ঘুরে মানুষের সাহায্যে দিন কাটাতে হয়েছে। কোনো দিন একবেলা খাবার জুটলে পরের বেলা না খেয়ে থাকতে হয়েছে।’

তারা আরও বলেন, ‘আমাদের পাসপোর্ট জব্দ করে রাখায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কাউকে কিছু জানালে অপহরণ ও খুন করার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে কোথাও যেতে পারছিলাম না, এমনকি কারও কাছে সাহায্য চাইতে যাওয়ার মতো কোনো মাধ্যমও আমাদের ছিল না।’

কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি মেহেদি ও সাইফুলকে ডেকে নিজের অফিসে নিয়ে আসেন। সেখানে তারা স্বীকার করেন, বাংলাদেশে তাদের মূল হোতা মেহেদির চাচা মামুন। ভুক্তভোগী দুজনকে কেবল মিসর পর্যন্ত পৌঁছে দেওয়ার চুক্তি ছিল বলে তারা দাবি করেন। এ সময় মেহেদি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য দাবি করে বলেন, দেশে তার বিরুদ্ধে মামলার পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে এবং মিসরেও কেউ তাঁর কোনো ক্ষতি করতে পারবে না।

মজিবুর ইসলাম আরও জানান, ভুক্তভোগীদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এল-মার্গের স্থানীয় বাজারে যাঁদের দেখা যায়, তারা সবাই দালালচক্রের ঘনিষ্ঠ বলে ভুক্তভোগীদের সতর্ক করা হয়। এমনকি বিষয়টি কারও কাছে প্রকাশ করলে মাফিয়াদের হাতে তুলে দিয়ে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

মজিবুর ইসলামের তথ্য অনুযায়ী, দালালচক্রটি প্রায় ছয় মাস ধরে ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ভুক্তভোগীদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছেন। ক্ষুধার জ্বালায় তাকে স্থানীয় বাংলাদেশি তরুণদের কাছে হাত পাততে হয়েছে, এমনকি ভিক্ষা করেও খাবার সংগ্রহ করতে হয়েছে।

সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিষয়টি আঁচ করতে পেরে ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শুরুতে ভয়ে তিনি মুখ খুলতে না চাইলেও পরে প্রবাসীদের আশ্বাসে পুরো ঘটনা এবং দালালদের হুমকির বিষয়টি খুলে বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে মজিবুর ইসলাম জানান, তিনি ভুক্তভোগী দুজনকে নিজের হেফাজতে রেখেছেন এবং মেহেদি ও সাইফুলকে চাপ দিচ্ছেন যেন অতি দ্রুত তাদের পাসপোর্ট ও সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কায়রোর এল-মার্গ এলাকায় চানাচুর ও মুড়ি বিক্রি করেন। মাঝেমধ্যে দু-একজনকে মিসরে নিয়ে আসেন। তবে ইউরোপে পাঠানোর উদ্দেশ্যে কাউকে মিসরে আনেননি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, দুই ভুক্তভোগীর মধ্যে একজনকে ভিজিট ভিসায় মিসরের পিরামিড দেখানোর জন্য নিয়ে এসেছেন। মামুন নামের এক ব্যক্তি তাদেরকে তার ও মেহেদির কাছে পাঠিয়েছেন বলেও জানান সাইফুল। এ সময় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।

অন্যদিকে, মেহেদি ও মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মামুনকে পাওয়া যায়নি। তবে মেহেদি দাবি করেন, আমি নিজেও প্রতারণার স্বীকার। মামুন আমাকে রোমানিয়া পাঠানোর কথা বলে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন। তিনি আরও বলেন, ওই দুই ভুক্তভোগী আমাকে কোনো টাকা-পয়সা দেননি এবং তাদের আটকে রাখা বা হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা। বরং মামুনের প্রতারণা বুঝতে পেরে আমি সতর্কতামূলক ভিডিও তৈরি করেছি। তার দাবি, তাকে এ ঘটনায় অযথা জড়ানো হচ্ছে এবং তিনিও একজন ভুক্তভোগী।

দীর্ঘদিনের প্রতারণা ও প্রাণনাশের হুমকির মুখে থাকা এই দুই বাংলাদেশি এখন নিজেদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি, জব্দ করা পাসপোর্ট উদ্ধার এবং ভুক্তভোগীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে নিতে মিসরে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।