logo

মেলোনি সরকারের ‘স্কুল ডিক্রি’ ও অভিবাসননীতির প্রতিবাদে রোমে বিক্ষোভ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
মেলোনি সরকারের ‘স্কুল ডিক্রি’ ও অভিবাসননীতির প্রতিবাদে রোমে বিক্ষোভ
‘স্কুল ডিক্রি’ ও অভিবাসননীতির প্রতিবাদে রোমে বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের প্রস্তাবিত ‘স্কুল ডিক্রি’ ও অভিবাসননীতির প্রতিবাদে রাজধানী রোমের তরপিনাত্তারায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইতালীয় মানবাধিকারকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিবাসী পরিবারের সদস্যরা অংশ নেন।

কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম সিদ্দিকী বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সমাবেশে বিক্ষোভকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁদের দাবি, এসব পদক্ষেপ বৈষম্য সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট নীতি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, বহুসাংস্কৃতিক পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির জন্য পরিচিত তরপিনাত্তারার মানুষ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। শিক্ষাক্ষেত্রে সব শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি পোশাকের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষারও দাবি জানান তাঁরা।

বিক্ষোভকারীরা আরও বলেন, অভিবাসীরা ইতালির আইন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং দেশটির সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন। এ অবস্থায় তাঁদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সমাবেশে প্রবাসী কমিউনিটির নেতারা মেলোনি সরকারের নীতির সমালোচনা করে বলেন, বৈষম্যমূলক পদক্ষেপ ইতালির দীর্ঘদিনের শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়।

দীর্ঘদিন ধরে ইতালিতে স্থায়ীভাবে বসবাসরত অভিবাসীরাও তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আইন মেনে বসবাসকারী অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে বিতর্কিত নীতি পরিবর্তন করা না হলে ভবিষ্যতে ইতালিজুড়ে আরও বৃহত্তর পরিসরে বৈষম্যবিরোধী ও মানবাধিকার রক্ষার আন্দোলন গড়ে তোলা হবে।