ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বৈশাখী উৎসব

ইতালির ভিয়েন্সা শহরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভিয়েন্সা আনন্দ-উচ্ছ্বাস, গান, কবিতা ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানটি আয়োজন করেন মাসুম মুস্তাফিজুর, মজিদ, মুমিন, নাঈম, মিন্টু ও জনি। সার্বিক সহযোগিতায় ছিলেন রফিক ও তানজিল। তাদের প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবলি, রনি, স্বপন, বকুল, জামাল ও মিনহাজসহ ভিয়েন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।
দিনব্যাপী এ আয়োজনে ছিল বাংলা গানের পরিবেশনা, কবিতা আবৃত্তি, হাস্যরসাত্মক পর্ব এবং দেশীয় খাবারের সমাহার। প্রবাসের মাটিতে এমন আয়োজন যেন এক টুকরো বাংলাদেশকেই তুলে ধরে, যেখানে সবাই একসঙ্গে মিলিত হয়ে ভাগাভাগি করেন আনন্দ ও স্মৃতির মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিতরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।