ফ্রান্স প্রবাসীদের কনস্যুলার সেবা আরও সহজ করতে দূতাবাসের নতুন উদ্যোগ

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে মতবিনিময় সভার আয়োজন করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীবান্ধব সরকারের নীতির অংশ হিসেবে দূতাবাস ধারাবাহিকভাবে কনস্যুলার সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বিশেষভাবে গত ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার উদ্দেশ্য ও কার্যকারিতা তুলে ধরে বলেন, এই ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত হবে, সময় সাশ্রয় হবে এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
রাষ্ট্রদূত বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা প্রবাসীদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করছে। তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার সেবা নিয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। দূতাবাস তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনে এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়।
দূতাবাস প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সহ-সভাপতি শাহ জামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জুনেদ আহমদ, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, মিল্টন সরকার প্রমুখ।
এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।
সভা শেষে দূতাবাস প্রবাসীদের জন্য কয়েকটি বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম ঘোষণা করে। জানানো হয়, ফ্রান্স সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈধতার আবেদন (রেগুলারাইজেশন) করার জন্য যেসব প্রবাসী ফরাসি প্রিফেকচার অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের পাসপোর্ট সেবা নিশ্চিত করতে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট দূতাবাসে বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে। ওই দিনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সারাদিন পাসপোর্টসংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে।
এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিনের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে বলে দূতাবাস জানিয়েছে।
সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তাদের মতে, নতুন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পাসপোর্টসংক্রান্ত জটিলতা, দালাল চক্রের হাত থেকে রেহাই ও অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং প্রবাসীদের মধ্যে কনস্যুলার সেবার প্রতি আস্থা আরও বাড়বে।
বাংলাদেশ দূতাবাস আশা প্রকাশ করেছে, নতুন উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে এবং সরকারের প্রবাসীবান্ধব কার্যক্রমের সুফল তারা সরাসরি ভোগ করতে পারবেন।
.png)






