ফ্রান্সে উচ্চশিক্ষা, প্রতি মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা

উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে ফ্রান্সের প্যারিসভিত্তিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান একোল নর্মাল সুপিরিয়র (ইএনএস)।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর (২০২৬)।
‘ইএনএস সিলেকশন স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন-সুবিধা ও মাসে এক হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা) ভাতা দেওয়া হবে।
ফরাসি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ক তথ্য জানানো হয়।
বৃত্তির সুযোগ-সুবিধা
ওয়েবসাইটে বলা হয়, এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি আবাসন সুবিধা ও প্রতি মাসে ১ হাজার ইউরো বা ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ভাতা দেওয়া হবে।
এই বৃত্তির মেয়াদ তিন বছর। বিজ্ঞান বিভাগে ১০টি এবং সাহিত্য বিভাগে ১০টি আসন রয়েছে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
এ বৃত্তির আওতায় মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ধ্রুপদি সাহিত্য, চলচ্চিত্র অধ্যয়ন, থিয়েটার অধ্যয়ন, শিল্পকলার ইতিহাস, সংগীততত্ত্ব, জ্ঞানীয় বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, আইন ও দর্শনের ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের ইতিহাস, ভাষাতত্ত্ব, সাহিত্য, দর্শন এবং সমাজবিজ্ঞান।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, রসায়ন, ভূবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও জ্ঞানীয় বিজ্ঞান।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং বয়স ২৬ বছরের কম হতে হবে। সংশ্লিষ্ট প্রগ্রামে ভর্তির জন্য প্রয়োজনীয় পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও সনদ থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট প্রগ্রামের ভর্তি ও বৃত্তির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য অনলাইন আবেদন ফরম, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
এর সঙ্গে এক থেকে তিন পৃষ্ঠার মোটিভেশন লেটার, পাসপোর্ট, দুই থেকে চারটি সুপারিশপত্র এবং গবেষণাকর্মের তথ্য (যদি থাকে) দিতে হবে। সব নথি পিডিএফ ফরম্যাটে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
যেভাবে আবেদন
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য জানতে একোল নর্মাল সুপিরিয়রের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
