logo

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও
ইতালির পতাকাসহ রোম শহরের দৃশ্য। ছবি: ওয়েসটেন্ড৬১ ওয়েবসাইট থেকে নেওয়া

সিজনাল ও নন-সিজনাল খাতে আগামী বছর প্রায় ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এ তালিকায় ৩৬ দেশের কর্মীদের মধ্যে বাংলাদেশিরাও সুযোগ পাচ্ছেন।

তবে দেশটির সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইতালিতে বসবাসকারী শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের তথ্যসেবা প্ল্যাটফর্ম রিফিউজি ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিককে বৈধভাবে ইতালিতে কাজ নিয়ে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০, সিজনাল ক্যাটাগরিতে ৮৯ হাজার এবং নিজস্ব কাজের জন্য ৬৫০টি কোটা নির্ধারণ করা হয়েছে।

তালিকায় ৩৬ দেশ

নিয়োগপ্রক্রিয়া বাংলাদেশসহ ৩৬ দেশের নাম রয়েছে। দেশগুলো হলো―আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, কেপ ভার্দে, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, জর্ডান, গুয়াতেমালা, ভারত, কিরগিজস্তান, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনেগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান।

আবেদনের সময়সীমা

আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু করে ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী ইতালিয়ান একজন মালিকের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত চারটি দিন রাখা হয়েছে। তারিখগুলো হচ্ছে―২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি।

আবেদনের ক্যাটাগরি

আবেদনের ক্ষেত্রে আগামী ১২ জানুয়ারিতে শুধু সিজনাল কৃষি খাতের জন্য আবেদনপত্র, ৯ ফেব্রুয়ারি সিজনাল পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারি নন-সিজনাল এবং ১৮ ফেব্রুয়ারি নন-সিজনাল ডোমেস্টিক খাতের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব খাতের জন্য প্রার্থীকে আবেদনপত্র জমাদানের আগে অবশ্যই তার কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করে তবেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।