বাঁধনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইতালি বিএনপির

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে ইতালি বিএনপি। এই সন্ত্রাসী হামলার ধিক্কার জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক এবং গণআন্দোলনের বীর কর্মীর ওপর এ ধরনের ঘৃণ্য ও সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কাপুরুষোচিত। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা যেকোনো গণতান্ত্রিক সমাজের মৌলিক স্তম্ভ। ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে স্বৈরাচারের পতনের পরও প্রবাসের মাটিতে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের এমন অপতৎপরতা প্রমাণ করে তারা এখনো হিংসাত্মক রাজনীতি থেকে সরে আসেনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ইতালি বিএনপির পক্ষ থেকে ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উক্ত ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জোর দাবি জানানো হয়, যাতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হয়। একই সাথে আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতালি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতালি বিএনপি বিশ্বাস করে প্রবাসের মাটিতে প্রতিটি নাগরিকের নিরাপদে বসবাস ও শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অধিকার নিশ্চিত থাকা আবশ্যক। ফ্যাসিবাদী চক্রের কোনো ধরনের হুমকি বা সহিংসতা প্রবাসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।
উক্ত সংবাদ সম্মেলনে ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবির, মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


