জেদ্দায় ৪র্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো-২০২৬ শুরু

সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো’। ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জমকালো আন্তর্জাতিক প্রদর্শনী। এতে থাকছে একটি 'বাংলাদেশ প্যাভিলিয়ন', যেখানে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানগুলো তাদের সেরা পণ্য তুলে ধরবে।
মেলা উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীদের এই মেলায় অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পোশাক খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) খন্দকার সিরাজুল সালেহীন। এ সময় কাউন্সিলর (কনসুলার) এস এম সায়েম সহ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রবিন্দু সৌদি আরবে বাংলাদেশি পণ্যের এই যাত্রা পোশাক রপ্তানিতে নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
