সৌদির সড়কে প্রাণ হারান ফরিদ, ২০ দিন পর জানল পরিবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মৃত্যুর খবর পান ভুক্তভোগী পরিবার।
নিহত মো. আলমাছ সরদার ফরিদ (২৪) উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা এবং সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় দুই বছর নয় মাস আগে সৌদি আরবে যান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার বিকেলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মোবাইল ফোনে তার মৃত্যুর খবর জানানো হয়। দূতাবাস সূত্রে পরিবারকে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যু হয়। তবে প্রায় ২০ দিন পর এ তথ্য জানতে পারে তার পরিবার।
চার ভাইবোনের মধ্যে ফরিদ ছিলেন সবার ছোট। তার মৃত্যুসংবাদে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদের বাবা সাংবাদিক আবু তালেব সরদার জানান, তার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে কাজ করতেন এবং চার সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন। ২০ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। পরে ছেলের ফোন থেকেই মৃত্যুর খবর পান তিনি। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মরদেহ দেশে িফরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।