logo

গাজায় বন্যার্ত ৫০ হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে তাবু পাঠাচ্ছে আমিরাত

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
গাজায় বন্যার্ত ৫০ হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে তাবু পাঠাচ্ছে আমিরাত
গাজায় বন্যার্ত ৫০ হাজার মানুষের জন্য তাবু পাঠানোর নির্দেশ দিয়েছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম (ইনসেটে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গাজা উপত্যকার ৫০ হাজার মানুষের আশ্রয়ের জন্য জরুরি ভিত্তিতে তাঁবু সরবরাহের নির্দেশ দিয়েছেন। তীব্র শীত ও ভারী বৃষ্টিতে বন্যার ঝুঁকির মুখে থাকা বাস্তুচ্যুত মানুষের কথা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভসের (এমবিআরজিআই) মাধ্যমে তাঁবুগুলো সরবরাহ করা হবে। অপারেশন গ্যালান্ট নাইট ৩-এর সহযোগিতায় গাজার বিভিন্ন এলাকায় সেগুলো বিতরণ করা হবে।

প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে ২০২৩ সালের ৫ নভেম্বর এই মানবিক অভিযান শুরু হয়। গাজার ফিলিস্তিনিদের মানবিক, ত্রাণ, চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়াই ছিল এর উদ্দেশ্য। তিন বছরে অভিযানটি খাদ্য, চিকিৎসা সামগ্রী, পানি ও আশ্রয়সহ একটি পূর্ণাঙ্গ মানবিক সহায়তা কর্মসূচিতে রূপ নিয়েছে।

গালফ নিউজ জানায়, গাজায় জরুরি সহায়তা পাঠানো প্রথম দেশগুলোর একটি আমিরাত এবং দেশটি এখনো সেখানে মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা। তবে প্রতিবেদনে এই দাবির সমর্থনে স্বাধীন কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। সম্প্রতি গাজায় বন্যায় প্রায় সাড়ে ৩ লাখ ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে গণমাধ্যমে প্রকাশ।