প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান গিয়াস কাদের চৌধুরীর

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ ও বিএনিপ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বর্তমান সরকার প্রবাস বান্ধব সরকার, প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা, তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রবাসীদের দীর্ঘদিনের প্রতিক্ষিত ভিসা ক্যান্সেলেশন, ভিসা জটিলতা, নতুন ভিসা চালু ও ভিসা ট্রান্সফার ইস্যুতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় গিয়াস কাদের চৌধুরী এমপি বলেন, অতীতে নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা দূতাবাসের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার প্রবাস বান্ধব সরকার, প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে।
এসময় রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রবাসীদের সেবার মান বাড়াতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। ভিসা সেবা কার্যকর করতে বিশেষ ডেস্ক চালু এবং আমিরাত সরকারের সাথে চলমান কূটনৈতিক আলোচনা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠক রাষ্ট্রদূত প্রবাসীদেরকে সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, ভিসার সমস্যা সমাধানে আমিরাত সরকারের সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে, ইনশাআ'ল্লাহ দ্রুতই ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাকের কাদের চৌধুরী, হাজী সরাফত আলী, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, ইয়াকুব সৈনিক, মোরশেদুল আলম সিআইপি, জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, মো. নুর নবী, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো.মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মোঃ হোসেন, মোহাম্মদ বাবলু, আমানত খানসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

