ওমানে বাংলাদেশি প্রবাসীদের ৩ মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে

বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে নিবন্ধিত দলগুলোর দলনেতা ও কোচদের সাথে ক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সভায় আসন্ন ফুটবল টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলার নিয়ম-কানুন, সময়সূচি, দল বিভাজন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলনেতা ও কোচদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজিমুল হক বাবুলের সভাপতিত্বে ক্লাবের স্পোর্ট ও কালচার সেক্রেটারী সেলিম পারভেজের পরিচালনায় আসন্ন টুর্ণামেন্টে নিবন্ধিত ১২টি দলের সংশ্লিষ্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি পদ্ধতির মাধ্যমে ৩টি গ্রুপে বিভক্ত করা হয়।
গ্রুপ ভিত্তিক এ টুর্ণামেন্টের উদ্ভোধনী ম্যাচ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ অক্টোবর মাস্কাটের ওয়াদিকাবির ফুটবল মাঠে।
টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ২টি এবং শুক্রবার ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়ে ডিসেম্বরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা বলেন, বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের উদ্যোগে আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দঘন ক্রীড়া আয়োজন।
সকল ফুটবলপ্রেমী, ক্রীড়ানুরাগী, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের দর্শকদের প্রতি মাঠে উপস্থিত হয়ে খেলাগুলো উপভোগ করার আহবান জানিয়েছেন আয়োজকরা।
