logo
Advertisement

মিশরে কওমি শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টে ‘কিং অব তাব্বা’ জয়ী

আফছার হোসাইন
আফছার হোসাইনমিশর
মিশরে কওমি শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টে ‘কিং অব তাব্বা’ জয়ী
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট। ছবি: এশিয়া পোস্ট

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ (আওসবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আওসবি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’। শারীরিক সুস্থতা, নির্মল সংস্কৃতির চর্চা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী কায়রোর তাব্বার কুবরি মাঠে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে দিনব্যাপী এ আয়োজন। ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে আটটি দল মোট ১২টি ম্যাচে অংশ নেয়। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়।

সেমিফাইনালে ব্লু লক ও লিজেন্ডস ওয়ারিয়র্স এবং সোকরুল কাহেরা ও কিং অব তাব্বার মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে ব্লু লক ও কিং অব তাব্বা। ফাইনালে ব্লু লককে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিং অব তাব্বা।

দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা, চকলেট কুড়ানোসহ বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা।

মাগরিবের নামাজের পর শুরু হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান ও যুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওসবির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, উপদেষ্টা মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল আজিজ তরফদার, সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামান এবং প্রবীণ শিক্ষার্থী আব্দুল্লাহ সোহাগসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব বলেন, আর মাত্র দুই সপ্তাহ পর গ্রীষ্মকালীন ছুটি শেষে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশের অনুপ্রেরণা জোগাতেই এ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

তিনি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য সাংস্কৃতিক বিভাগের প্রশংসা করেন এবং সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিশেষভাবে পুরস্কৃত করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্লু লক দলের তামীম হোসেন। তাঁকে বিশেষ মেডেল প্রদান করা হয়। রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় রৌপ্য পদক এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দেওয়া হয় স্বর্ণপদক। পরে দুই দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় শিরোপা।

পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ—প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।