logo

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম থেকে ৯ বাংলাদেশি আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম থেকে ৯ বাংলাদেশি আটক
কম্বোডিয়ার রাজধানী নমপেনে আটককৃতদের একাংশ। ছবি: এশিয়া পোস্ট

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট-০২বি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার ও মানব পাচার বিরোধী সক্রিয় কর্মী আল-আমিন নয়ন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

অভিযানকালে পুলিশ ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করে।

আটক ৯ বাংলাদেশি নাগরিক ও জব্দ আলামত পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নিতে নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি নিয়ে কম্বোডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।