শরতে ম্যাপল পাতার সৌন্দর্যে মেতেছে দক্ষিণ কোরীয়রা

শরতের শেষলগ্নে দক্ষিণ কোরিয়ার পাহাড়, বনভূমি, পার্ক ও সড়কের দুপাশে ছড়িয়ে পড়েছে ম্যাপল পাতার অপরূপ সৌন্দর্য। সবুজ পাতা রং বদলে ধারণ করেছে লাল, কমলা ও সোনালি আভা। প্রকৃতির এই নান্দনিক দৃশ্য যেন দক্ষিণ কোরিয়াকে পরিণত করেছে এক রঙিন ছবির দেশে।
বিশেষ করে পাহাড়ি এলাকা ও পর্যটনকেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউবা ব্যস্ত স্মৃতির পাতায় শরতের সৌন্দর্য ধরে রাখতে।
শুধু সৌন্দর্য উপভোগ করতেই নয়, শরৎকাল কোরিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এবং প্রকৃতির কাছাকাছি যাওয়ার এক অনন্য সুযোগ তৈরি করে।
ঋতুর পরিবর্তনে দক্ষিণ কোরিয়ার এই রূপ যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। ব্যস্ত নগরজীবনের মাঝেও ম্যাপল পাতার সৌন্দর্য মানুষকে দেয় প্রশান্তি, মনে জাগিয়ে তোলে নতুন অনুভূতি। লাল, কমলা আর সোনালি পাতার মায়াবী রঙে সেজে ওঠা দক্ষিণ কোরিয়া যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি।