লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ.লীগের ৬, এনসিপির ৩ জন আটক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটকের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আগামীর সময়।
প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন এবং এনসিপির ৩ জন রয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করলেও আটক ব্যক্তিদের সংখ্যা এবং দলীয় পরিচয় নিশ্চিত করেনি মেট্রোপলিটন পুলিশ।
এর আগে গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের হাই রোডের মেফেয়ার ভেন্যুর সামনে দুই দলের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল। অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভেন্যুর সামনের হাই রোডে। সড়কে প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এর আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ।
মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা সংঘর্ষের আগে সেখানে প্রায় ৫০ জন একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানতে পারে।
পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের আঘাত প্রাণঘাতী বলে মনে করেনি পুলিশ। কর্মকর্তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের দাবি, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন।
অন্যদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা পাল্টাপাল্টি ধাওয়া ও বোতল ছোড়ার কথা জানিয়েছেন। তবে প্রথমে কারা শারীরিক আঘাত করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরে ১৭ নভেম্বর প্রকাশিত পুলিশের প্রাথমিক বক্তব্যে বলা হয়েছিল, তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছিল পুলিশ।
এ ঘটনার পর লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন লিখেছিল, ১৬ নভেম্বর রাতে মধ্য লন্ডনের মেয়ফেয়ার হলের পেছনের সড়কে প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে। এ ঘটনায় চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।


