শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে লড়বেন তিনি।
প্রতিযোগিতার দ্বিতীয় আসর আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন ১৮ জন শেফ।
আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকদের সামনে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও খাবার উপস্থাপনার নৈপুণ্য তুলে ধরবেন মোহাম্মদ আলী চৌধুরী। চূড়ান্ত পর্বের ১৮ প্রতিযোগীর মধ্যে তিনিই একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধি। বাংলাদেশের পাশাপাশি এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফ্রান্স, ক্যামেরুন, মেক্সিকো, বুলগেরিয়া, টোগো, জার্মানি, ব্রাজিল ও বেলজিয়ামের প্রতিনিধিরা।
প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ কেবল রান্নার প্রতিযোগিতা নয়; ব্যক্তিগত শেফ পেশার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিকাশের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। একজন প্রাইভেট শেফের দায়িত্ব শুধু খাবার রান্না করার মধ্যে সীমাবদ্ধ নয়। খাবারের পরিকল্পনা, উপকরণ নির্বাচন, রান্না, পরিবেশন, অতিথি আপ্যায়ন এবং একটি পরিপূর্ণ খাবারের অভিজ্ঞতা তৈরি—সবকিছুর সমন্বয় করতে হয় তাঁকে।
এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রাইভেট শেফরা নিজেদের দক্ষতার পাশাপাশি নিজ নিজ দেশের সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও রন্ধন ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ পান।
এবারের আসরে অংশ নিতে আয়োজকদের কাছে জমা পড়ে ২৪০টি আবেদন। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন আলী চৌধুরী। বিশ্বের অভিজ্ঞ ও দক্ষ প্রাইভেট শেফদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগকে বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।


