মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা

মালয়েশিয়ায় মো. রাকিব হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান জালান ইম্বিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যায়।
রাকিব (২৬) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। তিন বছর আগে নির্মাণশ্রমিক হিসেবে মালয়েশিয়ায় আসেন। বাবার সঙ্গে একই স্থানে কাজ করতেন রাকিব।
রাকিবের বাবা মোবারক হোসেন অভিযোগ করেছেন, স্ত্রীর পরকীয়ার খবরে রাকিব আত্মহত্যা করেছে।
তিনি বলেন, মাত্র ৭ মাস আগে তাদের বিয়ে হয়। সম্প্রতি পুত্রবধূ মরিয়মের সঙ্গে অন্য ছেলের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও দেখার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে রাকিব।
সন্তানকে হারিয়ে মোবারক হোসেন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ছেলের লাশ দেশে পাঠাতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
এদিকে তার অকালমৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।