logo
Advertisement

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক,ওমান
ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত
ওমানে নিহত মো মহিম । ছবি : এশিয়া পোস্ট

ওমানের বানি বুহাসান এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. মহিম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৬ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনেরা নিশ্চিত করেছেন। মহিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া পূর্ব খুরুশিয়া গ্রামের প্রয়াত নুরুল হকের ছেলে। জীবিকার সন্ধানে তিনি গত প্রায় সাত বছর ধরে ওমানে বসবাস করছিলেন এবং সেখানে একটি ফুলের দোকান পরিচালনা করতেন।

নিহতের প্রতিবেশী প্রবাসী তাজুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে মহিম স্থানীয় একটি মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নিজের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহিমরা তিন ভাই এবং তারা সবাই প্রবাসী। এর মধ্যে এক ভাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং মহিমসহ অপর দুই ভাই ওমানে কর্মরত।

বর্তমানে নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।