রোমে যাত্রা শুরু করলো বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন রেস্টুরেন্ট

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে রেস্টুরেন্ট ব্যবসার প্রসার ঘটছে। এরই ধারাবাহিকতায় রোমের জনবহুল তিবুরতিনা এলাকার Via Casal dei Pazzi 55A ঠিকানায় বাংলাদেশি হালাল খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘Ristorante Per Te’। প্রবাসী বাংলাদেশি আব্দুল কাইয়ুম আহমেদ, মো. ইকরাম, নজরুল মিয়া ও আমিনুর রহমানের যৌথ পরিচালনায় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বাংলা, ইতালীয় ও বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতিতে লাল ফিতা কেটে এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি হাবিব চৌধুরী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির সভাপতি এলিন আহমেদ মিঠু, জান্নাতুল মাওয়া সেন্ট্রো কালচারালে ইসলামিকের সভাপতি মিলন মোল্লা ও সদস্য সচিব জাকারিয়া ফেরদৌস।
এ ছাড়াও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বিদেশিদের কাছেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাস তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশিদের অর্থনৈতিক অগ্রযাত্রা ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারীরা জানান, গ্রাহকদের জন্য হালাল ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করাই তাদের অন্যতম লক্ষ্য। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইতালীয় নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশি খাবারের স্বাদ পৌঁছে দিতে চান তারা।
এ সময় তারা রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ইতালীয় নাগরিক এবং অন্যান্য ভাষাভাষী মানুষকে ‘Ristorante Per Te’-তে এসে খাবারের স্বাদ গ্রহণ ও প্রতিষ্ঠানটির পাশে থাকার আমন্ত্রণ জানান।
নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, সততা, মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে ‘Ristorante Per Te’ রোমের বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
