মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
সম্প্রতি কুয়ালালামপুরের তামান মালুরি এলাকায় অবৈধভাবে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত একটি ‘সেফ হাউস’ থেকে তাদের আটক করা হয়।
আটকদের বয়স ২৭ থেকে ৫৬ বছরের মধ্যে। দেশটির ইমিগ্রেশন বিভাগ ধারণা করছে, তাদের মধ্যে পাঁচজন পাচার হয়ে আসা অভিবাসী। বাকি দুজনের মধ্যে একজন ‘সেফ হাউস’-এর তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক এবং আরেক পাচারচক্রের পরিবহন (ট্রান্সপোর্টার) হিসেবে কাজ করছিল।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, আটক অভিবাসীদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে মালয়েশিয়ায় বৈধভাবে প্রবেশের কোনো অনুমোদিত সিল বা প্রবেশের ছাপ নেই। তারা কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধ পথ বা তথাকথিত ‘ইঁদুরপথ’ ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে।
আটকদের পরবর্তী তদন্তের জন্য পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭ (এটিপিসম আইন ৬৭০) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫)-এর আওতায় তদন্ত চলছে।