logo

গ্রীষ্মের শুরুতে প্যারিসে পর্যটকদের ঢল, ব্যস্ত সব রেলস্টেশন ও বিমানবন্দর

গ্রীষ্মের শুরুতে প্যারিসে পর্যটকদের ঢল, ব্যস্ত সব রেলস্টেশন ও বিমানবন্দর
ছবি: সংগৃহীত

গ্রীষ্ম মৌসুম শুরু হতেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী প্যারিসে বেড়েছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। ইউরোপ, এশিয়া, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক শিল্প, সাহিত্যের শহরে প্রবেশ করায় রেলস্টেশন, মেট্রো, বাস টার্মিনাল এবং বিমানবন্দরগুলোতে সৃষ্টি হয়েছে অতিরিক্ত চাপ।

বিশেষ করে গারে দু নর্দ, গারে দি লিয়ন এবং চার্লস দি গল বিমানবন্দর এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেখা যাচ্ছে দীর্ঘ যাত্রীসারি ও উপচে পড়া ভিড়। অনেক পর্যটককে লাগেজ হাতে অপেক্ষা করতে দেখা গেছে টিকিট, ট্যাক্সি কিংবা মেট্রো সংযোগের জন্য।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সামার ভ্যাকেশন ও বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে চলতি মৌসুমে পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা ও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পরিবহন ব্যবস্থায় বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে।

পর্যটকদের অনেকে জানিয়েছেন, প্যারিসের ঐতিহাসিক স্থাপনা যেমন- আইফেল টাওয়ার, ল্যুভর জাদুঘর, প্যারিস গেটসহ বিভিন্ন জাদুঘর, সংস্কৃতিকেন্দ্র এবং সিন নদীর সৌন্দর্য উপভোগ করতে তারা পরিবার নিয়ে ছুটিতে এসেছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে যানজট, দীর্ঘ অপেক্ষা ও হোটেল সংকটের মতো সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে অনেককে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনের কয়েক সপ্তাহে পর্যটকের চাপ আরও বাড়তে পারে। তাই যাত্রীদের আগে থেকেই টিকিট বুকিং এবং নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।