logo

প্যারিসে বাংলাদেশিসহ ২৪০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনিফ্রান্স
প্যারিসে বাংলাদেশিসহ ২৪০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
প্যারিসে বাংলাদেশিসহ ২৪০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান। ছবি: এশিয়া পোস্ট

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা নিয়ে প্যারিসের উপকন্ঠ সেন্ট-দেনি শহরে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সলিডারিতেজ আসি ফ্রঁস-এর উদ্যোগে এবং সেন্ট-দেনি পৌরসভার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ২৪০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল থেকে তাঁরা সেন্ট-দেনি শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তাও তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাফের সভাপতি নয়ন এনকে, সহসভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ মোরল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উৎসাহ দেন সেন্ট-দেনির মেয়র বালি বাগায়োকো। এ সময় তাঁর প্যানেলের সদস্য নোরা বেনসালাহ, বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মুহাম্মদ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সাফের সভাপতি নয়ন এনকে বলেন, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার মতো সামাজিক উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম আমরা ভবিষ্যতেও আরও করব। তবে শুধু বিশ্ব পরিচ্ছন্নতা দিবসেই নয়, প্রতিদিনই আমাদের নিজ নিজ এলাকা ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষা করার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্যও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

সেন্ট-দেনির মেয়র বালি বাগায়োকো সাফের এ উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সাফের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মেয়র ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতি কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ আয়োজন সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত নাগরিক দায়িত্বের বার্তাও তুলে ধরে।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশি সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন দিক ধারণ ও নথিভুক্ত করেন।

এ সময় সেন্ট-দেনি পৌরসভার পক্ষ থেকেও কর্মসূচি নিয়ে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) ধারণ করা হয়।

সাফের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে সেন্ট-দেনিতে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পরিচ্ছন্ন শহর, সচেতন নাগরিক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়।