logo

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস। ছবি: এশিয়া পোস্ট

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান,পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।

নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর ও পরবর্তী করণীয় নিয়ে পরিবারের ঘনিষ্ঠজন ও কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বরূপ বিশ্বাস আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর নিয়মিত অংশগ্রহণ ছিল। তিনি ও তার পরিবার সবার কাছে প্রিয় ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনেরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আবুধাবিতে প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তাঁর আরেকটি কন্যাসন্তান রয়েছে। আবুধাবির বাঙালি কমিউনিটির নানা কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল অসীমা চৌধুরীর।