জরিমানা এড়াতে আমিরাতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার

সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট ও নতুন করপোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় জরিমানার মুখে পড়েছেন বহু বাংলাদেশি ব্যবসায়ী। এই সংকট থেকে বাঁচতে ও আমিরাতের আসন্ন ‘ই-ইনভয়েসিং’ কাঠামোর প্রস্তুতি নিয়ে রাস আল খাইমাহতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সচেতনতা সেমিনার।
‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’ এবং ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিল ডিজিটাল ই-ইনভয়েসিং ও বিজনেস অটোমেশন। আয়োজক প্রতিষ্ঠান ইজি অ্যাকাউন্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুমনা রহমান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনো যারা সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রাখছেন, তারা বড় ধরনের অডিট ও আইনি ঝুঁকিতে রয়েছেন।
অপর আয়োজক, জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনসের সিইও মাহফুজ উল আলম দেখান, কীভাবে স্থানীয় ট্যাক্স আইন মেনে তৈরি আধুনিক ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ই-ইনভয়েসিং ও ট্যাক্স রিপোর্টিং সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসী ব্যবসায়ীদের দ্রুত ডিজিটাল রূপান্তরের তাগিদ দেন।
আয়োজিত সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
এ ছাড়া কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আলহারানকি। সেমিনারে বিভিন্ন আমিরাতের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।






