ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে, টিকিট দিচ্ছে আইওএম
আফছার হোসাইন, মিশর

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে নৌযান বিকল হয়ে মিশরের উপকূলে ভেসে আসা আরও ৩৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরছেন আগামী ২৬ অক্টোবর।
মিশরে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা এসব বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর নৌযানটি সাগরে বিকল হয়ে পড়ে। পরে তাঁরা মিশরের দমিয়াত উপকূলে ভেসে আসেন। এ ঘটনার পর তাঁদের দেশে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়।
দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাঁদের দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।