মালয়েশিয়ায় ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৪ দলের ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ। দেশটির জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট 'কেসি সিরিজে' অংশ নিয়ে এ গৌরব অর্জন করেছেন, প্রবাসী বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে গঠিত টিম 'প্রাইম সিসি'। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া ২৪ দলের জমজমাট এ ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের একাধিক দল। ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের টুর্নামেন্টে ফাইনালে পাকিস্তানের অভিবাসি ক্রিকেটারদের দল 'পাক ইউনাইটেড'কে ৫ উইকেটে'র বড় ব্যবধানে হারায় বাংলাদেশের প্রাইম সিসি। শুরুতে ব্যাট করতে নেমে ২০১ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান ইউনাইটেড। টুর্নামেন্টে ৮ ম্যাচে ৭০২ রান করে, নজর কেড়েছেন, বাংলাদেশের তানজিরুল ইসলাম তাজ। তার ৪০ বলে ৭২ রানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে দুই বল হাতে থাকতেই জয় পায় বাংলাদেশ। বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৭২ রান সংগ্রহ করে ফাইনালে সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তাজের হাতে।


