মালয়েশিয়ায় ফুটসাল ম্যাচে জয়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর দল

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের ক্লাব বাংলাদেশ এফসি'র বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে দেশটিতে সফররত ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের লালাপোর্টের ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলে আরও খেলেছেন, প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী।
শনিবার স্থানীয় সময় রাতে, সফরকারি দলের পক্ষে প্রথম গোলটি করেন, প্রতিমন্ত্রী আমিনুল হক। বিপক্ষে দলের একমাত্র গোলটি আসে, শাহজাহান আলমের হেড থেকে। ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
এসময় খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।



