logo

যুক্তরাষ্ট্রের ওয়ারেন সিটিতে ক্রিকেট মাঠের অনুমোদন দিল কাউন্সিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ওয়ারেন সিটিতে ক্রিকেট মাঠের অনুমোদন দিল কাউন্সিল
ক্রিকেট মাঠের অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইলফলক। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে শ’ পার্কে একটি স্থায়ী ক্রিকেট মাঠ নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছেন ওয়ারেন সিটি কাউন্সিল।

এই অর্জন উদযাপন করতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগান বিসিএএমআই-এর উদ্যোগে রয়্যাল বেঙ্গল কুইজিনে সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ারেন সিটি কাউন্সিল ও সিটি প্রশাসনের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।

বিসিএএমআই-এর প্রেসিডেন্ট তায়েফুর রহমান এবং ভাইস চেয়ারম্যান সাইয়েদ আহমেদ তাদের বক্তব্যে মিশিগানে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং নতুন মাঠের গুরুত্ব তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা কামাল রহমান এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য শহর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, সিটি কাউন্সিল প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা রোজেনসুয়েস, মেয়র প্রো টেম ডেভ ডোয়ার, কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি, জনাথন ল্যাফার্টি, মিন্ডি মুর, গ্যারি বোইকে এবং হেনরি নিউনানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

মেয়র লরি স্টোন এবং কাউন্সিলম্যান জনাথন ল্যাফার্টি তাদের বক্তব্যে ক্রিকেট সম্প্রদায়ের উন্নয়নে বিসিএএমআই-এর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ক্রিকেটের বিকাশে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজকদের মতে, নতুন ক্রিকেট মাঠ শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য খেলাধুলার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নতুন এই ক্রিকেট মাঠ ওয়ারেনের ক্রিকেট খেলোয়াড়, পরিবার এবং সমগ্র কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অনেকেই।