logo

ওমানে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হযরত শাহজালাল এফসি

আরফাত উল্লাহ, ওমান
ওমানে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হযরত শাহজালাল এফসি
ওমানে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হযরত শাহজালাল এফসি। ছবি: এশিয়া পোস্ট

ওমানে আল সুইক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে হযরত শাহজালাল এফসি

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় হজরত শাহজালাল এফসি ও মোবেলা সানাইয়া এফসি। ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হজরত শাহজালাল এফসি। অন্যদিকে, লড়াই করেও জয়ের দেখা পায়নি মোবেলা সানাইয়া এফসি।

ওমানের টুর্নামেন্টের দ্বিতীয় আসর ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আল সুইকের ফুটবল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

প্রবাসে কর্মব্যস্ত জীবনের বাইরে এমন ক্রীড়া আয়োজন বাংলাদেশিদের জন্য আনন্দ ও বিনোদনের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতেও ভূমিকা রাখছে এ আয়োজন।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ লোকমান আহমেদ ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি, আয়োজক কমিটির উপদেষ্টা মোহাম্মদ মজিবুর রহমানসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসের মাটিতে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশিদের এমন মিলনমেলা প্রবাসী কমিউনিটির সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।