Advertisement

মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি

এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাষ্ট্র
মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি
ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আসন্ন প্রাইমারি নির্বাচনে ডিসট্রিক্ট-১৪ থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী মিনহাজ চৌধুরী। আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

এ উপলক্ষে রোববার (২৭ জুলাই) দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির স্বাদ রেস্টুরেন্টে স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়ে নিজ পরিকল্পনার কথা জানান এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ী হলে ভোটারদের দেওয়া বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন মিনহাজ চৌধুরী। তিনি বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকাশে সহায়তা করবেন। পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গাড়ির বীমার উচ্চ ব্যয় কমাতে তিনি কার্যকর উদ্যোগ নেবেন। স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন।

মিনহাজ চৌধুরী বর্তমানে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের অ্যাট-লার্জ নির্বাহী সদস্য। এছাড়া অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সংগঠনটির মিশিগান শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

রোববারের এই সংবাদ সম্মেলনে মিশিগানের গভর্নর পদপ্রার্থী ক্রিস সোয়ানসন, ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশি-আমেরিকান স্টেট সিনেট ও স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী, সিটি কমিশনার এবং কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

আগামী ৪ আগস্টের প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিসহ স্থানীয় সাধারণ ভোটারদের পূর্ণ সমর্থন ও ভোট আদায়ে এখন দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মিনহাজ চৌধুরী।