logo

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় পতাকা দিবস যেভাবে পালিত হয়

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় পতাকা দিবস যেভাবে পালিত হয়
পতাকা দিবসে আরব আমিরাতের পতাকা হাতে প্রবাসী বাংলাদেশি শিশুরা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

সংযুক্ত আরব আমিরাতে আজ (৩ নভেম্বর) জাতীয় পতাকা দিবস উপলক্ষে সরকারি দপ্তর, স্কুল, বিশ্ববিদ্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সরকারি তথ্যমতে, প্রতিবছরের মতো এবারও সারা দেশে সকাল ১১টায় একযোগে পতাকা ওঠানোর কর্মসূচি পালিত হয়েছে।

আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দিবসটি উপলক্ষে নাগরিক, প্রবাসী ও সব প্রতিষ্ঠানকে পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। দিনটিকে তিনি দেশের প্রতি ভালোবাসা, গর্ব ও আনুগত্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

দিনটির ইতিহাস

২০০৪ সালের ৩ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সেই দিনটির স্মরণে ২০১৩ সাল থেকে প্রতিবছর ৩ নভেম্বর জাতীয় পতাকা দিবস পালন করা হয়। গালফ নিউজ জানিয়েছে, দিবসটির সূচনা হয়েছিল শেখ মোহাম্মদের উদ্যোগে।

আমিরাতের জাতীয় পতাকা প্রথম ওড়ানো হয় ১৯৭১ সালের ২ ডিসেম্বর, সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার দিনে। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান নিজে পতাকা উত্তোলন করেন। আবদুল্লাহ আল মাইনা পতাকাটির নকশা করেন। ওই বছর আল ইত্তিহাদ পত্রিকার আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তাঁর নকশা বিজয়ী হয়।

পতাকার রঙ ও ব্যবহারের নিয়ম

পতাকার চারটি রং লাল, সবুজ, সাদা ও কালো। গালফ নিউজ জানিয়েছে, ত্রয়োদশ শতকের কবি সফিউদ্দিন আল হিল্লির একটি কবিতা থেকে এই রঙের অনুপ্রেরণা এসেছে। লাল সাহস ও আত্মত্যাগের, সবুজ সমৃদ্ধি ও প্রবৃদ্ধির, সাদা শান্তি ও সততার এবং কালো শক্তি ও দৃঢ়তার প্রতীক।

আমিরাতের মন্ত্রিসভা প্রণীত নির্দেশিকা অনুযায়ী পতাকা সবসময় পরিচ্ছন্ন ও অক্ষত রাখতে হবে। ছেঁড়া, রং ওঠা বা বিবর্ণ পতাকা বদলে নিতে হবে। দিবসের আগে আবুধাবি পৌরসভাও বাসিন্দাদের পুরোনো ও ক্ষতিগ্রস্ত পতাকা পাল্টানোর অনুরোধ জানিয়েছে। পুরোনো পতাকা আগুনে পোড়ানো নিষিদ্ধ। সেটি ভাঁজ করে সংরক্ষণ করতে হবে, অথবা এমনভাবে কেটে পুনর্ব্যবহার করতে হবে, যাতে সেটিকে আর পতাকা বলে চেনা না যায়।

ছুটি নয়, উদযাপন

দিবসটি সরকারি ছুটির দিন নয়। স্কুল, অফিস ও সরকারি প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই চলছে, তবে বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও নানা অনুষ্ঠান হচ্ছে। দুবাইয়ের উম্ম সুকাইম সৈকতে বুর্জ আল আরবের পাশে পতাকা মেলা বসেছে। জানুয়ারি পর্যন্ত এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। গ্লোবাল ভিলেজে আজ রাত ৮টায় ড্রোন শো হওয়ার কথা।

খালিজ টাইমস জানিয়েছে, দুবাইয়ের দেইরা ওল্ড সুকে কয়েক দিন ধরে পতাকা ও পতাকার রঙের পণ্যের চাহিদা বেড়েছে। হাতে ধরার ছোট পতাকা থেকে ২৫ মিটার লম্বা পতাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক মিটার চওড়া সুতির পতাকার দাম শুরু ১২ দিরহাম থেকে। সবচেয়ে বড়গুলোর দাম ৬০০ থেকে ৭০০ দিরহাম। স্কার্ফ, কাপ, টি শার্ট ও শিশুদের পোশাকের বিক্রিও বেড়েছে।

জাতীয় মাসের সূচনা

গত দুই বছর ধরে পতাকা দিবস আমিরাতের জাতীয় মাসেরও সূচনা চিহ্নিত করছে। এই উদযাপন চলবে আগামী ২ ডিসেম্বর ঈদ আল ইত্তিহাদ বা জাতীয় দিবস পর্যন্ত। এবার জাতীয় দিবস ৫৫তম।

আমিরাতে বসবাসরত বাংলাদেশিসহ লাখো প্রবাসীও এই উদযাপনের অংশ। তাঁদের অনেকে কর্মস্থল ও আবাসস্থলে পতাকা উত্তোলনে অংশ নিচ্ছেন।