মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পোশাক ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের আজমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ আবদুল্লাহ মোহাম্মদ আল মুওয়াজাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার বৃদ্ধি এবং আজমানে ব্যবসারত বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসায়ীদের বিষয়টি সাক্ষাতে বিশেষ গুরুত্ব পায়। তাদের ব্যবসায়িক চাপ কমাতে বার্ষিক ফি ও অন্যান্য চার্জ কমানো অথবা বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি আজমান চেম্বারের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শেখ আবদুল্লাহ মোহাম্মদ আল মুওয়াজাই।
সাক্ষাতে বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ইউএইর বাজার আরও সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সরকারি পর্যায়ে যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর জোর দেন উভয় পক্ষ।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
সাক্ষাৎকালে আজমান চেম্বারের বোর্ড সদস্য মোহাম্মদ খলিফা মোহাম্মদ বি. সালমিন আল আরিয়ানি উপস্থিত ছিলেন।


