logo

মিশর উপকূলে ভেসে এলো খালি নৌকা, যাত্রী কোথায়?

আফছার হোসাইন
আফছার হোসাইনমিশর
মিশর উপকূলে ভেসে এলো খালি নৌকা, যাত্রী কোথায়?
মিশরের মাতরুহ উপকূলে ভেসে আসা খালি রাবারের নৌকা ঘিরে উৎসুক স্থানীয় লোকজনের ভীড়। ছবি: ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

মিশরের মাতরুহ উপকূলে একটি খালি রাবারের নৌকা ভেসে আসা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নৌকাটিতে কোনো যাত্রী না থাকায় তারা কোথায় গেলেন বা কেউ নিখোঁজ কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাতরুহের সৈকতে নৌকাটি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইউরোপের যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে নৌকাটির উৎস, যাত্রীসংখ্যা বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত করে তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় পত্রিকা কায়রো মোবাসার জানায়, সমুদ্রের ঢেউ নৌকাটিকে তীরে ঠেলে আনতে পারে। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

গত মাসে লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা একটি অভিবাসীবাহী নৌযান বিপদে পড়লে বেশ কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায় এবং ২৯ জন আহত অবস্থায় উদ্ধার হন। তাছাড়াও গত সপ্তাহে মাতরুহ উপকুলে আরেকটি ভাসমান নৌযান থেকে ৪৬ বাংলাদেশিকে উদ্বার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশি উদ্ধার

এরপর আবারও মাতরুহ উপকূলে খালি নৌকা পাওয়ায় অনিয়মিত সমুদ্রযাত্রার ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে নতুন নৌকাটির সঙ্গে আগের দুর্ঘটনার কোনো সরাসরি সম্পর্কের তথ্য নেই।

লিবিয়া ও মিশর হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই ছোট ও অতিরিক্ত যাত্রীবোঝাই রাবারের নৌকা ব্যবহার করেন। যান্ত্রিক ত্রুটি, জ্বালানি ও খাবারের সংকট, বৈরী আবহাওয়া এবং নিরাপত্তা সরঞ্জামের অভাবে এসব যাত্রা প্রাণঘাতী হয়ে ওঠে। অনেক নিখোঁজ ব্যক্তির আর সন্ধানও পাওয়া যায় না।

মাতরুহ সৈকতে খালি নৌকা পাওয়ার পর সম্ভাব্য যাত্রীদের শনাক্ত ও উদ্ধারের দাবি উঠেছে। তবে নৌকাটিতে আদৌ কোনো যাত্রী ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য না পাওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি যাচাই ছাড়া গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখলেও ঝুঁকিপূর্ণ নৌযাত্রা মুহূর্তেই মৃত্যুফাঁদে পরিণত হতে পারে। তাই প্রশ্ন থেকেই যায়—নৌকাটি তীরে ফিরেছে, কিন্তু এর যাত্রীরা কোথায়?