logo

প্যারিসে বর্ণাঢ্য বৈশাখী মেলা: প্রবাসীদের প্রাণের মিলনমেলা

প্যারিসে বর্ণাঢ্য বৈশাখী মেলা: প্রবাসীদের প্রাণের মিলনমেলা
ছবি: এশিয়া পোস্ট

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর।

বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়নাকে বিশ্বদরবারে তুলে ধরতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস’-এর আয়োজনে রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত এ মেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। একই সঙ্গে বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মেলায় ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প, শিশুদের খেলনা ও নানা দেশীয় পণ্যের স্টল। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দর্শনার্থীরা ফুচকা, চটপটি, জিলাপি, পিঠা-পুলি ও বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ গ্রহণ করেন। বিদেশি দর্শনার্থীরাও আগ্রহ নিয়ে ঘুরে দেখেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ।

মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য উপভোগ করেন উপস্থিত দর্শকেরা। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মেলায় অংশ নেওয়া প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে এমন আয়োজন তাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তারা।

আয়োজকেরা জানান, প্রতিবছরের মতো এবারও প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে বৈশাখী মেলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই বৈশাখী মেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়।